‘করোনা উপসর্গ নিয়ে মানুষ মরছে, লাশ রাস্তায় পড়ে থাকছে’

আপডেট : ০৮ মে ২০২০, ০১:১৭ পিএম

লকডাউন খুলে দিয়ে সরকার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, করোনা টেস্টের অভাবে উপসর্গ নিয়ে মানুষ মারা যাচ্ছে। তাদের লাশ রাস্তায় পড়ে থাকছে।

শুক্রবার গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে টঙ্গী বাজার এলাকায় ত্রাণ বিতরণের সময় রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে ভয়ংকর পরিস্থিতিতে যখন সংক্রমণের মাত্রা বাংলাদেশের বৃদ্ধি পেয়েছে, করোনা গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়ছে, তখন সরকার লকডাউন খুলে দিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।

বিএনপি মুখপাত্র বলেন, সরকারের কাছে অর্থনীতি আগে, বড় বড় ব্যবসায়ীদের স্বার্থ আগে। মানুষের জীবন চলে যাচ্ছে, তাদের কাছে এটা বড় কথা নয়।

তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে মানুষের লাশ রাস্তাঘাটে পড়ে থাকছে। টেস্ট করার কোনো উপায় নাই। পর্যাপ্ত মেডিকেল সহায়তা নেই।

‘এটা সরকার খেয়াল করছে না। এটার কোনো গুরুত্ব দিচ্ছে না সরকার। মানুষের জীবন তাদের কাছে বড় নয়, তাদের কাছে টাকা অনেক বড় কথা’ যোগ করেন রিজভী।

তিনি বলেন, যে খাদ্য ছিল তা দিয়ে ২-৩ মাস গরিব মানুষকে চালাতে পারতাম। বাড়িতে বাড়িতে খাদ্য পৌঁছে দিতে পারতাম না। নিশ্চয়ই পারতাম। আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীকে দিয়ে যারা গার্মেন্টসে কাজ করে, দিন আনে দিন খায়, রিকশাচালক তাদের সবাইকে দিতে পারতাম। কিন্তু সরকার ওই দিকে যায় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত