মির্জাপুরে আত্মগোপনে থাকা করোনা আক্রান্তের খোঁজ মিলেছে

আপডেট : ০৮ মে ২০২০, ০২:০০ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে আত্মগোপনে থাকা করোনায় আক্রান্ত নির্মাণ শ্রমিককে খোঁজে বের করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান।

জানা গেছে, আত্মগোপনে চলে যাওয়া করোনায় আক্রান্ত ওই নির্মাণ শ্রমিকের বাড়ি লালমনিরহাট জেলায়। তিনি মির্জাপুর উপজেলা গোড়াই শিল্পাঞ্চলের নাজিরপাড়ার একটি ভাড়াবাড়িতে থাকেন।

গত ৪ মে এ উপজেলা থেকে আটজনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ওই নির্মাণ শ্রমিকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পরিচ্ছন্ন কর্মীর রিপোর্ট পজিটিভ আসে।

এ খবর শোনার পর থেকে ওই শ্রমিক তার মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান। কয়েক ঘণ্টা পরে মোবাইল ট্র্যাকিং করে জানা যায় সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক জানান, বৃহস্পতিবার বিকেলেই স্থানীয় পুলিশ বিভাগ এবং উপজেলা প্রশাসনের প্রচেষ্টায় করোনা আক্রান্ত ওই শ্রমিককে খোঁজে বের করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত