করোনাভাইরাসের কারণে চলমান সংকটকে পাত্তাই দিল না প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকোর নিয়ন্ত্রণাধীন বেলারুশের পার্লামেন্ট। ঠিক করা হয়েছে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের দিনক্ষণ।
পার্লামেন্টের অনুমোদিত দিন-তারিখ অনুযায়ী ৯ আগস্ট, শুক্রবার হবে নির্বাচন। প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকোর দাবি, ওই সময়টায় কমে আসবে করোনাভাইরাসের ঝুঁকি। যদিও বিশেষজ্ঞরা বলছেন, প্রলম্বিত হবে প্রাণঘাতী এই ভাইরাসের উপস্থিতি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই তাতে গা নেই সাবেক সোভিয়েত ইউনিয়নভূক্ত দেশটির। ইউরোপের প্রভাবশালী দেশগুলো লকডাউনে চলে গেলেও একদিনের জন্যও এমন নির্দেশনা দেননি আলেক্সান্ডার লুকাশেনকো। বিশ্বের প্রায় সব খেলাধুলা থমকে গেলেও করোনার ভেতরেও মাঠে গড়িয়েছে বেলারুশ ফুটবল লিগ। আয়োজন করা হয়েছে অন্যান্য পাবলিক ইভেন্টও।
৬৫ বছর বয়সী লুকাশেনকো বেলারুশের ক্ষমতায় আছেন সেই ১৯৯৪ সাল থেকে। সবশেষ ২০১৫ সালের নির্বাচনসহ এরই মধ্যে পাঁচবার জয় পাওয়া সমন্বিত খামারের সাবেক পরিচালক এবারের নির্বাচনেও লড়বেন বলে জানিয়ে দিয়েছেন।
২০২৫ সালের নির্বাচনেও লড়বেন বলে গত বছরের নভেম্বরে জানিয়েছিলেন লুকাশেনকো। বলেছিলেন, “মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার আসন ছাড়ব না।”
করোনাভাইরাসের শঙ্কার মধ্যেও নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তে অনড় থাকায় প্রেসিডেন্টের সিদ্ধান্তের সমালোচনা করছেন বিরোধীরা। এই সংকটের মধ্যে বিরোধীরা যাতে নির্বাচনী প্রচারণায় সুবিধা করতে না পারে সে জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা।
পূ্র্ব ইউরোপে ভূ-বেষ্টিত প্রায় ৯০ লাখ জনগণের দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০,১৬৮ জন; মৃত্যু হয়েছে ১১৬ জনের।
