নীলফামারীতে দেবর-ভাবীসহ আরও ৫ জনের করোনা শনাক্ত

আপডেট : ০৮ মে ২০২০, ১১:১৩ পিএম

নীলফামারীতে এক দিনে দুই শিশুসহ পাঁচ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা সংক্রমণ শনাক্ত সংখ্যা ৪০ জনে দাঁড়িয়েছে। শুক্রবার রাত ৯টার বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন। 

নতুন শনাক্তদের মধ্যে জেলা সদরে ২শিশু, ডিমলা উপজেলায় দেবর-ভাবী এবং জলঢাকা উপজেলায় এক বৃদ্ধা রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ৬ মে ওই পাঁচ জনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার নমুনার ফলাফলে তাদের করোনা পজেটিভ আসে।

নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেবুল হোসেন জানান, ‘শুক্রবার নতুন করে একই পরিবারের ২ শিশুর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। গত ৬ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়। তাদের বয়স ৭ ও ১১ বছর। তাদের বাড়ি জেলা শহরের প্রগতিপাড়ায়। এর আগে ওই দুই শিশুর পরিবারের চার জন আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।’’

ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সারোয়ার আলম জানান, ‘শুক্রবার ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের ঠাঠারীপাড়ায় দেবর (২৪) ও ভাবীর (২২) শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তারা গত ৬ মে নারায়ণগঞ্জ থেকে করোনার উপসর্গ নিয়ে বাড়ি ফিরেন। ওই দিনই তাদের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। শুক্রবার তাদের ফলাফলে করোনা পজেটিভ আসে। আক্রান্তদের নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে।’

এদিকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসান মো. রেজওয়ানুল কবির জানান, ‘‘শুক্রবার উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের পূর্ব গোলমুন্ডা গ্রামের ৫০ বছর বয়সী এক বৃদ্ধার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। ওই বৃদ্ধা গত ৩০ এপ্রিল থেকে জ্বরে আক্রান্ত। এছাড়াও তিনি বিভিন্ন রোগে আক্রান্ত রয়েছেন। গত ৬ মে তার নমুনা সংগ্রহ করা হয়। আক্রান্ত বৃদ্ধাকে নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এছাড়াও তার সংর্স্পশে আসা পরিবারের দুই সদস্যকে একই বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শনিবার ওই দুই জনের নমুনা সংগ্রহ করা হবে।’’

নীলফামারী সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন জানান, ‘শুক্রবার নতুন আক্রান্তদের মধ্যে সদরের প্রগতিপাড়ার একই পরিবারের দুই শিশু এবং জলঢাকা উপজেলার পূর্বগোলামুণ্ডা গ্রামের বৃদ্ধাকে তাদের বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। অপর দিকে ডিমলায় আক্রান্ত দেবর-ভাবীকে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছ।’

তিনি আরো জানান, শুক্রবার নতুন পাঁচজনসহ মোট ৪০ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে জেলা সদরে তিন শিশুসহ ১৫জন, ডিমলা উপজেলায়  দুই সেবীকা ও এক ল্যাবটেকনোলোজিষ্টসহ ১০জন, জলঢাকা উপজেলায় এক ব্যাংক কর্মকর্তাসহ ৬জন, সৈয়দপুর উপজেলায় ব্যাংক কর্মকর্তাসহ ৬জন এবং কিশোরগঞ্জ উপজেলায় এক চিকিৎসকসহ ৩ জন রয়েছেন। তবে গত ২৬ এপ্রিল জেলার কিশোরগঞ্জ উপজেলায় এক বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর করোনা পজেটিভ আসে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত