মাশরাফীর ক্যাপ, আকবরের জার্সি-গ্লাভসের নিলাম শুরু শনিবার

আপডেট : ০৮ মে ২০২০, ১১:৫৮ পিএম

মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরির ব্যাটের নিলাম শুরু হবে শনিবার। ই-কমার্স সাইট ‘পিকাবু’র মাধ্যমে হবে ঐতিহাসিক ব্যাটটির নিলাম। একই দিন একই প্ল্যাটফর্মে শুরু হবে আরো চার তারকার স্মারকের নিলাম।

যে তালিকায় রয়েছেন দেশের ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর নাম। মাশরাফী, মুশফিক, আকবর ছাড়াও এই তালিকায় থাকা নামগুলো হলো- মোসাদ্দেক হোসেন সৈকত ও নাঈম শেখ।

মাশরাফীর ব্যাপারটা অবশ্য এ ক্ষেত্রে ভিন্ন। কেননা মাশরাফী নিজে তার স্মারক নিলামে তুলছেন না। তার ব্যবহৃত একটি ক্যাপ অটগ্রাফসহ একজন ভক্তকে দিয়েছিলেন। মোহাম্মদ জসিম নামেন সেই ভক্তই ক্যাপটি নিলামে তুলছেন।

আকবর আলী নিলামে তুলছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ব্যবহৃত জার্সি ও গ্লাভস। মোসাদ্দেক নিলামে তুলছেন আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জয়ের ফাইনালে যে ব্যাট দিয়ে ফিফটি করেছিলেন সেই ব্যাটটি। টাইগারদের চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মোসাদ্দেক খেলেছিলেন ২৭ বলে ৫২ রানের ইনিংস।

নাঈম গত নভেম্বরে ভারত সফরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৮১ রানের ইনিংস খেলেছিলেন। যে ব্যাটটি দিয়ে এসেছিল সেই ইনিংস সেটি নিলামে তুলছেন তিনি।

এছাড়া ২০১১ বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী বাংলাদেশি সকল ক্রিকেটারদের ছবি ও অটোগ্রাফযুক্ত ব্যাটও থাকছে নিলামে।

সবগুলো স্মারকের নিলাম শুরু হবে শনিবার রাত ১০টায়, চলবে বুধবার রাত ১০টা পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত