জালিয়াতির মামলায় ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল আটক

আপডেট : ০৯ মে ২০২০, ০১:৫৬ এএম

বাংলাদেশ ছাত্রলীগ এর  কেন্দ্রীয় সহ-সভাপতি তরিকুল ইসলাম মুমিনকে চাঞ্চল্যকর জালিয়াতি মামলায় ভোলা থেকে আটক করা হয়েছে। ভোলা সদর থানা পুলিশের সহায়তায় বুধবার রাতে ভোলার গাজীপুর রোডের বাসা থেকে তরিকুল ইসলাম মুমিনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। পরে তাকে সড়কপথে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের বক্তব্য না পাওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় রহস্য সৃষ্টি হয়। পরিবারের পক্ষে তাকে আটকের কথা স্বীকার না করলেও শুক্রবার ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন আটকের বিষয়ে নিশ্চিত করেন।

একাধিক সূত্রে জানা যায়, রাজধানী ঢাকার কোতয়ালি থানায় একটি চাঞ্চল্যকর জালিয়াতির মামলা দায়ের করার প্রেক্ষিতে তাকে আটক করেছে পুলিশ। ঢাকার কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে প্রকল্পের কাজের তদবির করে দেওয়ার কথা বলে কোটি টাকা হাতিয়ে নেয় তরিকুল ইসলাম মুমিন। এ ছাড়াও সরকারের বিশেষ কোনো ব্যক্তির স্বাক্ষর জালিয়াতি করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে ভিসি পদে নিয়োগ দেওয়ার নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মুমিনসহ একটি চক্রের বিরুদ্ধে। সেই চক্রে একজন মন্ত্রীর পিএস সহায়তা করার অভিযোগ উঠেছে। পরে মুমিন সে টাকা নিয়ে তরিকুল ভোলায় আত্মগোপণ করে। পরে তার অবস্থান নিশ্চিত করার পর বুধবার রাতে তাকে আটক করা হয়।

এ বিষয়ে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা জান যায়নি। তবে তেজগাঁও থানা পুলিশ তাকে আটকের সহায়তা চাইলে ভোলা সদর থানা পুলিশের মোবাইল টিম সহায়তা করে। মামলাটি চাঞ্চল্যকর না হলে এ করোনার মধ্যে তাকে আটকের জন্য ভোলায় ঢাকার পুলিশ আশার কথা নয় বলেও জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত