করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দেশের ফ্যাশন ব্র্যান্ড আড়ং তাদের ১৪টি আউটলেট খুলতে যাচ্ছে রবিবার। শুক্রবার আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার আশরাফুল আলম ভিন্ন আঙ্গিকে আড়ং খোলার কথা জানান।
শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আউটলেট খোলার বিস্তারিত নিয়মাবলী তুলে ধরেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ ও অন্য কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পরিবর্তিত পরিস্থিতিতে রোববার থেকে আড়ংয়ের মোট ২১টি আউটলেটের মধ্যে ১৪টি খুলছে। বন্ধ থাকছে ঢাকার বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক ও বাসাবো এবং নারায়ণগঞ্জ, কুমিল্লা ও সিলেট আউটলেট।
তামারা আবেদ বলেন, সতর্কতামূলক পদক্ষেপ ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা মেনে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব আউটলেট খোলা থাকবে।
তিনি বলেন, প্রতিটি আউটলেটের কর্মীর সংখ্যা ও আয়তন অনুযায়ী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ক্রেতার সংখ্যা নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী প্রবেশের জন্য ক্রেতারা অনলাইনে টাইম স্লট বুকিং দিতে পারবেন, যা সীমিত থাকবে। একটি টাইম স্লটে এক ঘণ্টার জন্য কেনাকাটা করতে পারবেন তারা।
আড়ং জানিয়েছে, তাদের ওয়েবসাইটে টাইম স্লট বুকিং সফল হলে ক্রেতা একটি এসএমএস পাবেন। আউটলেটে প্রবেশের আগে এই এসএমএসটি নিরাপত্তাকর্মীকে দেখাতে হবে।
কেনাকাটায় বেঁধে দেওয়া নিয়ম প্রসঙ্গ তিনি বলেন, কোভিড ১৯-এর সংক্রমণ রোধ করার পদক্ষেপ হিসেবে আড়ংয়ের কোনো পণ্য ট্রায়াল করার সুযোগ থাকছে না এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেনা পণ্য পরিবর্তনও করা যাবে না।
তিনি বলেন, পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যাওয়ার পর পণ্য পরিবর্তনের সুযোগ পাবেন ক্রেতারা। তখন ৩০ দিন গণনা শুরু হবে এবং ওই সময়ের মধ্যে পণ্য পরিবর্তন করা যাবে।
এ ছাড়া আউটলেটগুলোর ব্যাগেজ কাউন্টার বন্ধ থাকবে এবং ক্রেতাদের তাদের ব্যাগ নিয়ে আউটলেটে প্রবেশ করতে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলম বলেন, আড়ংয়ের কর্মীদের ৩০ শতাংশ এই সময়ে কাজ করবেন এবং তাদেরকে নিজস্ব গাড়িতে আনা-নেয়ার ব্যবস্থা করা হবে। আউটলেটে সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য সব সুরক্ষামূলক পদক্ষেপ অনুসরণ করা হবে।
আড়ংয়ে পবেশে যেসব শর্ত মানতে হবে, ক্রেতা যে টাইম স্লট বুকিং দেবেন, তার অন্তত ১০ মিনিট আগে আউটলেটের সামনে উপস্থিত হবেন। নির্ধারিত সময়ের মধ্যে কেনাকাটা শেষ করে ফিরে যেতে হবে। সব ক্রেতাকে অবশ্যই মাস্ক পরিধান করে থাকতে হবে। ১০ বছরের কম বয়সী শিশু নিয়ে প্রবেশ করা যাবে না। আউটলেটে প্রবেশের আগে তাদের জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার করতে হবে এবং থার্মাল স্ক্যানারে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। মুখে মাস্ক না থাকলে কিংবা শরীরের তাপমাত্রা ৯৮ ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে প্রবেশের অনুমতি পাওয়া যাবে না।
