বিরামপুরে প্রথমবারের মতো তিন করোনা রোগী শনাক্ত

আপডেট : ০৯ মে ২০২০, ১০:৪৬ পিএম

বাংলাদেশে করোনা সংক্রমণের ৩১তম দিনে এসে শনিবার  দিনাজপুরের বিরামপুরে প্রথমবারের মতো এক নারী (৩৫) এবং দুইজন পুরুষ করোনা রোগী শনাক্ত হয়েছেন। দুই পুরুষের মধ্যে একজনের বয়স (২৩) অন্যজনের বয়স (৩০) বছর। 

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আক্রান্ত তিন ব্যক্তিই পোশাক শ্রমিক। তিনজনই রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। 

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনা শনাক্ত হওয়া নারী বিরামপুর পৌর শহরের কলেজপাড়া মহল্লার বাসিন্দা। অন্য দুইজনই  উপজেলার বিনাইল ইউনিয়নের। একজন কল্যাণপুর গ্রামের। অন্যজন রামকৃষ্ণপুর গ্রামের। এর মধ্যে ওই নারী ঢাকা ফেরত এবং পুরুষ দুই ব্যক্তি গাজীপুর ফেরত। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী আরো জানান, করোনায় আক্রান্ত ব্যক্তিদের গত শুক্রবার নমুনা সংগ্রহ করা হয়েছিলো। বিরামপুর থেকে শনিবার পর্যন্ত বিরানব্বই জনের নমুনা পরীক্ষা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান জানান, করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে হোম  কোয়ারেন্টাইনে রেখে অথবা হাসপাতালে আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা করানো হবে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের  বাড়িসহ আশে পাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে। লকডাউন থাকা পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করা হবে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত