অর্থনীতিতে করোনাভাইরাসের (কভিড-১৯) ধাক্কা সামলাতে মূল্য সংযোজন কর তথা ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। একই সঙ্গে ভাতা বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছে দেশটির সরকার।
আরব নিউজ ও বিবিসি জানায়, জুলাইয়ে ৫ থেকে ১৫ শতাংশ ভ্যাট বাড়ানো হবে। জুন থেকে বন্ধ থাকবে ভাতা প্রদান।
প্রসঙ্গত, ২০১৮ সালে সৌদি আরব প্রথমবারের মতো ভ্যাট আরোপ করে। তখন তেল নির্ভর অর্থনীতি থেকে সরে আসার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়।
করোনাভাইরাসের কারণে বৈশ্বিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে কমার কারণে বড় ধরনের ধাক্কা খেয়েছে দেশটির ভুগতে থাকা অর্থনীতি। সৌদি আরবে এখন পর্যন্ত ৪০ হাজারের কাছাকাছি মানুষের করোনা শনাক্ত হয়েছে।
অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান বলেন, তেলের দাম পড়ে যাওয়া এবং করোনাভাইরাসের কারণে বিধ্বস্ত অর্থনীতিকে টেনে তোলার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আয় থেকে ব্যয় বেড়ে যাওয়ায় চলতি অর্থবছরের প্রথম তিন মাসে দেশটির বাজেটে প্রায় ৯০০ কোটি ডলার ঘাটতি দেখা দেওয়ার পর ভ্যাট বৃদ্ধি ও ভাতা বন্ধের ঘোষণা আসলো।
তেল থেকে আয় আগের বছরের তুলনায় এক-চতুর্থাংশ কমে ৩ হাজার ৪০০ কোটিতে নেমে এসেছে। এতে সার্বিক মুনাফা প্রায় ২২ শতাংশ কমে গেছে।
