করোনাভাইরাস বিস্তার রোধে নরসিংদী বড় বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বণিক সমিতি।সোমবার দুপুরে বণিক সমিতির কার্যালয়ে ব্যবসায়ীদের আলোচনা সভা শেষে নরসিংদী বড় বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন বণিক সমিতির সভাপতি বাবুল সরকার।
এ সময় বন্ধ হওয়া দোকানগুলোর কর্মচারীদের প্রাপ্য বেতন-ভাতা পরিশোধের নির্দেশনা দেওয়া হয়।
নরসিংদী বাজার বণিক সমিতির সূত্রে জানা যায়, ঈদ ঘিরে সরকারি নির্দেশনা মোতাবেক রবিবার থেকে দোকানপাট, শপিংমল খোলার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের পর শনিবার বিকালে জেলা প্রশাসনের সঙ্গে বাজার বণিক সমিতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দোকান খোলা রাখতে ব্যবসায়ীদের সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বেশ কিছু শর্ত দেওয়া হয়। এসব শর্ত মেনে দোকান খোলা সম্ভব হবে না বলে মত প্রকাশ করে বাজার বণিক সমিতি।
তবে কোনো ব্যবসায়ী যদি এসব শর্ত মেনে দোকান চালু করতে পারেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার বলে জানানো হয়।
এরপর রবিবার ও সোমবার দুই দিন ধরে শর্ত না মেনেই অনেকে দোকান খুলতে শুরু করেন। বাজারে বাড়তে শুরু করে ক্রেতা সমাগম। এ অবস্থায় সামাজিক দূরত্ব না মানা ও শর্ত না মেনে মার্কেট খোলা রাখায় করোনা সংক্রমণ ঝুঁকি বাড়ায় নজরদারি শুরু করে পুলিশ।
এ অবস্থায় সোমবার দুপুরে বড় বাজারের বণিক সমিতির কার্য্যালয়ে ব্যবসায়ীদের আলোচনা শেষে বড় বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়। এ সময় সমিতির সব নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বণিক সমিতির সভাপতি বাবুল সরকার বলেন, বাজার খোলার কারণে বাজারে ক্রেতা সমাগম বৃদ্ধি পেয়েছে। কিন্তু সরকারের বেধে দেওয়া স্বাস্থ্যবিধি না মেনে অনেক ব্যবসায়ী দোকান চালু রেখেছে। যার কারণে করোনাভাইরাস বিস্তারের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া জেলায় করোনাভাইরাসের রোগীর সংখ্যা বেড়ে গেছে। বাজারের একজন মাছ ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এ জন্য করোনাভাইরাস রোধে সমিতির সকলের মতামতের ভিত্তিতে বাজার বন্ধের সিন্ধান্ত নেয়া হয়। তাই শুধু প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দোকান সীমিত আকারে জেলা প্রশাসনের দেওয়া সময়সীমার মধ্যে খোলা থাকবে।
