ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান নেজামী মারা গেছেন

আপডেট : ১২ মে ২০২০, ০২:১৪ এএম

ইসলামী ঐক্যজোটের (একাংশ) চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজনসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।

দলটির যুগ্ম মহাসচিব আলতাফ হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আবদুল লতিফ নেজামী তার গোপীবাগের বাসায় ছিলেন। মাগরিবের নামাজের পর তার স্ট্রোক হয়। চিকিৎসার জন্য দ্রুত কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রয়াত ফজলুল হক আমিনীর গড়া ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যানের পাশাপাশি নেজামে ইসলাম পার্টির সভাপতি ছিলেন আবদুল লতিফ নেজামী। ২০১২ সালে মুফতি ফজলুল হক আমিনীর মৃত্যুর পর ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হন তিনি। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের অন্যতম শরিক ছিল আবদুল লতিফ নেজামীর দল। ২০১৬ সালে দলটি বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে যায়।

রাজনীতির পাশাপাশি আবদুল লতিফ নেজামী দৈনিক সরকার নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুরের সৈয়দনগর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত