নেতার সমর্থকের পক্ষ বদল

ফরিদপুরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩৫

আপডেট : ১২ মে ২০২০, ০২:১৯ এএম

ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতার সমর্থকদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতার সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। গত রবিবার রাতে শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। শেখর ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার দুই সমর্থকের পক্ষ বদল করে জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতার পক্ষে যোগদানকে কেন্দ্র করে ওই সংঘর্ষ বাধে।

দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় পুলিশের একটি গাড়িসহ কমপক্ষে ১৫টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ এবং উভয়পক্ষের ১০ জনকে আটকের কথা জানিয়েছেন বোয়ালমারী থানার ওসি আমিনুর রহমান। আহত পুলিশ সদস্যদের মধ্যে দুজন এসআই, দুজন এএসআই ও পাঁচজন কনস্টেবল রয়েছেন।

ওসি আমিনুর রহমান দেশ রূপান্তরকে বলেন, শেখর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সৈয়দ আলী আহমেদ সাকিব ওরফে সাকুর পক্ষ বদল করে দুজন সমর্থক সম্প্রতি জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তির পক্ষে যোগ দেন। এ যোগদানকে কেন্দ্র করে মুক্তির বাড়িতে গত রবিবার ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই ইফতারে সাকু সমর্থকরা হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২০ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসরাফিল মোল্যা দেশ রূপান্তরকে বলেন, ‘সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ১৫টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত