যুক্তরাষ্ট্রে টানা দ্বিতীয় দিন ২৪ ঘণ্টায় মৃত্যু হাজারের নিচে

আপডেট : ১২ মে ২০২০, ০৮:১০ এএম

করোনাভাইরাসের মৃত্যুর সংখ্যা কমতির দিকে যুক্তরাষ্ট্রে। চব্বিশ ঘণ্টার হিসেবে টানা দ্বিতীয় দিন দেশটিতে এক হাজারের কম মৃত্যু হয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (কাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৬টা) দেশটিতে কভিড-১৯ এ মৃত্যু হয়েছে ৮৩০ জনের। আগের দিন রবিবার ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৭৭৬ জনের, যা মার্চের পর সবচেয়ে কম।

বাল্টিমোরভিত্তিক বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, আটশো ছাড়ানো নতুন মৃত্যু নিয়ে আগে থেকেই তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮০,৩৫২ জন।

তবে দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। এই তালিকায়ও শীর্ষে যুক্তরাষ্ট্র। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৪৬ হাজার ৭২৩ জন, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ।

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার ছুঁই ছুঁই। আর মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪১ লাখ ৭৫ হাজার।

দেশ হিসেবে মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য, ৩২ হাজার ছাড়িয়েছে; আক্রান্তে তৃতীয়স্থানে আছে দেশটি, ২ লাখ ২৪ হাজার।

তিরিশ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে ইতালি আছে তৃতীয়স্থানে, আক্রান্তে পঞ্চমস্থানে নেমে গেছে দেশটি, ২ লাখ ১৯ হাজার।

মৃত্যুর তালিকায় চতুর্থস্থানে স্পেন, ২৬ হাজার ৭০০ ছাড়িয়েছে। আক্রান্তে এখনো দ্বিতীয়স্থানে আছে দেশটি, ২ লাখ ২৭ হাজার।

স্পেন থেকে অল্প কিছু মৃত্যু কম নিয়ে পঞ্চমস্থানে আছে ফ্রান্স। এক লাখ ৭৭ হাজার আক্রান্ত নিয়ে ষষ্ঠস্থানে আছে দেশটি।

আক্রান্তে উল্লম্ফন ঘটেছে রাশিয়ার। বর্তমানে করোনাভাইরাসের হটস্পটে পরিণত হওয়া বিশ্বের বৃহত্তম দেশটি ২ লাখ ২১ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে চতুর্থস্থানে উঠে এসেছে।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ২৯৪ জনের।

সোমবার পর্যন্ত বাংলাদেশে মৃত্যুর সংখ্যা ১৫ হাজার ৬৯১ জনের; মৃত্যু হয়েছে ১৩৯ জনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত