এই মুহূর্তে লকডাউন তুললে মৃত্যু আরও বেড়ে যাবে: ফাউসির সতর্কতা

আপডেট : ১২ মে ২০২০, ০৫:১৪ পিএম

অর্থনীতি সচল করতে এই মুহূর্তে লকডাউন তুলে নিলে বিপরীত হতে পারে, এতে করোনাভাইরাসে মৃত্যু আরও বেশি বেড়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন সতর্ক করলেন হোয়াইট হাউসের করোনা ট্রাস্কফোর্সের গুরুত্বপূর্ণ সদস্য ড. অ্যান্থনি ফাউসি। 

আলজাজিরা জানায়, লকডাউন তুলে নেয়ার পক্ষে ট্রাম্পের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এই সতর্কতা জানালেন ফাউসি। ট্রাম্পের ভাষ্য ছিল, লকডাউনে থেকেও মানুষ এখন মরছে। 

অ্যান্থনি ফাউসি যুক্তরাষ্ট্রের জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক। যুক্তরাষ্ট্রের করোনা প্রতিরোধে ট্রাম্প সরকারের কমিটির অন্যতম সদস্য তিনি। 

সোমবার মার্কিন প্রশাসন ও গভর্নরদের উদ্দেশে তিনি বলেন, আগেভাগেই লকডাউন তুলে নেয়ার চেষ্টায় বিপদ আরও বেড়ে যাবে। 

ফাউসি বলেন, আমরা যদি 'ওপেন আমেরিকা অ্যাগেইন' নীতির সামনে আমাদের গাইডলাইনগুলো ছেড়ে দিই তাহলে দেশজুড়ে একাধিক প্রাদুর্ভাবের ঝুঁকি ডেকে আনছি। এর ফলে শুধু মৃত্যু আর কষ্টি বাড়বে না, স্বাভাবিক জীবনে ফিরতে আমরা আরও পিছিয়ে পড়ব। 

লকডাউন তুলে নেয়ার পক্ষে থাকা ট্রাম্পের অবস্থানের বিপক্ষে গেলেন ফাউসি। এর আগেও চীনের বিরুদ্ধে অভিযোগের সময় ট্রাম্পের বিরোধিতা করেছিলেন তিনি। ট্রাম্পের দাবি, উহানের ল্যাব থেকেই করোনার উৎপত্তি হয়েছে। এরপর ফাউসির বক্তব্য দেন, কোনো ল্যাব থেকে করোনার উৎপত্তি হয়েছে এমনটা তিনি মনে করেন না।   

এদিকে আগ থেকেই আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় তথ্য অনুসারে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর পর্যন্ত দেশটিতে ১৩ লাখ ৪৮ হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮০ হাজার ৬৮৪ জন ব্যক্তি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত