করোনাভাইরাসের কারণে বিভিন্ন আসরের মতো স্থগিত করা হয়েছিল অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপ। এবার যার নতুন দিনক্ষণ জানাল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
নতুন সূচি অনুযায়ী ভারতে আগামী বছর ১৭ ফেব্রুয়ারি এই আসর বসবে। শেষ হবে ৭ মার্চ। মঙ্গলবার ফিফার গভর্নিং বডি এই ঘোষণা দেয়।
ভারতের মোট ৫টি শহরে অনুষ্ঠিত হবে এই আসর। পূর্বের সূচিতে এ বছর ২-২১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মেয়েদের বয়সভিত্তিক ফুটবলের এই বিশ্বকাপ।
বয়সভিত্তিক আসর বলে টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় খেলোয়াড়দের বয়সের বিষয়টিও অন্যতম মুখ্য বিষয় এখানে। এ বছরের নভেম্বরের টুর্নামেন্ট আগামী বছর হওয়া মানে অনেকেরই বয়স ১৭ পেরিয়ে যাবে।
ফিফা জানিয়েছে, বয়স সীমা নির্ধারণের মানদণ্ড পূর্ব ঘোষিত সূচির জন্য যেটি ছিল সেটিই থাকবে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ফুটবলারদের ২০০৩ সালের ১ জানুয়ারির পর এবং ২০০৫ সালের ৩১ ডিসেম্বরের আগে জন্ম তারিখ হতে হবে। তবে টুর্নামেন্টের নাম বদল হবে কিনা সেটা অবশ্য এখনও জানা যায়নি।
অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের নতুন সূচিও ঘোষণা করেছে ফিফা। পানামা এবং কোস্টারিকায় ২০ জানুয়ারি আসর শুরু হবে। শেষ হবে ৬ ফেব্রুয়ারি।
