কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নে ধানক্ষেত থেকে তিনটি ‘চিতাবাঘের’ শাবক উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে ইউনিয়নের চানগাঁও নোয়াপাড়া গ্রামের ফসলি জমি থেকে মাসুম খান নামে এক ব্যক্তি স্থানীয়দের সহযোগিতায় শাবকগুলো আটক করেন। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে শাবক তিনটি উদ্ধার করে।
তবে উদ্ধারকৃত শাবকগুলো বাঘের না বনবিড়ালের তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, নোয়াপাড়ার হাজী ছেরাজুল ইসলামের ছেলে মাসুম খান নিজেদের ফসলি জমিতে ধান কাটতে গিয়ে ‘চিতাবাঘের’ তিনটি শাবক দেখতে পেয়ে গ্রামবাসীদের সহযোগিতায় শাবকগুলো আটক করেন।
চিতার তিনটি শাবক থেকে দুইটি নিজের কাছে রেখে অপর একটি শাবক পার্শ্ববর্তী এলাকার এক ব্যক্তিকে দিয়ে দেন মাসুম। দুইটি শাবক নিজের অধীনে রেখে এগুলো বিক্রির জন্য ফেসবুকেও একটি স্ট্যাটাস দেন তিনি। এরপর থেকে এলাকার লোকজন শাবকগুলো দেখতে আসলে তিনি দেখাচ্ছেন না। স্থানীয়দের সাথে বিষয়টি নিয়ে তার বিরুদ্ধে দুর্ব্যবহারেরও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে মাসুম খানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে চিতাবাঘের তিনটি শাবক আটকের বিষয়টি নিশ্চিত করেন। তার দাবি, পাশ্বর্তী এলাকার আরিফ নামে একজনকে একটি শাবক দিয়েছেন এবং তার নিজের কাছে থাকা দুটি শাবক তিনি ছেড়ে দিয়েছেন।
অবশ্য রাতেই পুলিশ পুলিশ পৃথক স্থান থেকে শাবক তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দিন জানান, শাবকগুলো বাঘের না বনবিড়ালের এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমাদের থানা পুলিশের ফোর্স রাত ৮টার দিকে অভিযান চালিয়ে শাবক তিনটি উদ্ধার করেছে। এখন আমরা বনবিভাগের সাথে যোগাযোগ করে এগুলো তাদের কাছে হস্তান্তর করবো।
