ফেনীতে ৩ হাজার ৯৯৭ মেট্রিক টন বোরো ধান ও ৪ হাজার ৫৫৩ মেট্রিক টন চাল কিনছে সরকার। গতকাল মঙ্গলবার সকালে জেলা খাদ্যগুদামে ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।
এবার ফেনীতে সরকার নির্ধারিত ২৬ টাকা দরে প্রতিকেজি ধান, ৩৫ টাকা দরে আতপ চাল ও ৩৬ টাকা দরে সেদ্ধ চাল সরাসরি কৃষকদের থেকে সংগ্রহ করবে খাদ্য বিভাগ। তবে জেলা কৃষি বিভাগ থেকে দেওয়া কৃষকদের চূড়ান্ত তালিকার বাইরে কারও থেকে খাদ্য বিভাগ চাল অথবা ধান সংগ্রহ করবে না। এতে কৃষক তার উৎপাদিত ধান-চাল সরাসরি সরকারকে ন্যায্যমূল্যে সরবরাহ করার মাধ্যমে লাভবান হতে পারবেন।
ফেনী সদর উপজেলা খাদ্যগুদাম রক্ষক শাহীন মিয়া জানান, নিয়ম অনুযায়ী প্রতিজন কৃষক ২৬ টাকা মূল্যে সর্বোচ্চ ৩ টন পর্যন্ত ধান গুদামে দিতে পারবে। সরকার এ টাকা কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পরিশোধ করবে।
