ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে একটি হত্যামামলাকে পুঁজি করে অর্ধশতাধিক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল্লাহ আল মামুন জানান, বৃষ্টির পানি জমিতে পড়াকে কেন্দ্র করে রোকমান ব্যাপারি গংদের সঙ্গে ২১ এপ্রিল শহিদ মাতুব্বর গংদের কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ হয়। এতে নিহত হন লক্ষ্মীপুর গ্রামের শহিদ মাতুব্বর।
এ ঘটনাকে পুঁজি করে গ্রাম্য বিরোধকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের নামে মিথ্যা মামলা করেন গ্রাম্য মাতুব্বর শাহজাহান।
অভিযোগ করে বলা হয়, শহিদ মাতুব্বর খুন হলেও তার স্বজনদের কাউকে মামলার বাদী করা হয়নি। শাহজাহান মাতুব্বর নিজে বাদী হয়ে প্রতিপক্ষের ৫৪ জনের বিরুদ্ধে একটি মামলা করে। যার বেশির ভাগ আসামিই সংঘর্ষের সঙ্গে জড়িত ছিলেন না। এমনকি যাদের আসামি করা হয়েছে তারা ভিন্ন তিনটি উপজেলার মানুষ। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য শাহজাহান মাতুব্বর নিজে বাদী হয়ে খুনের এ মামলাটি করে প্রতিপক্ষকে হয়রানি করছেন। শুধু তাই নয়, এ মামলার পর থেকে শাহজাহানের নেতৃত্বে অর্ধশতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট করা হয়।
