সাতক্ষীরায় বাইক ছিনতাই, খুলনা শিল্প পুলিশের এএসআই গ্রেপ্তার

আপডেট : ১৩ মে ২০২০, ০১:৩৭ এএম

বাইক ছিনতাইয়ের ঘটনায় খুলনা শিল্প পুলিশের এএসআই খান হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি থেকে ছিনতাই হওয়া বাইকটিও উদ্ধার করা হয়। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, সোমবার রাতে খুলনা থেকে তাকে গ্রেপ্তার করে সাতক্ষীরায় নিয়ে আসে পুলিশ। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।

ছিনতাইয়ের ঘটনায় সাতক্ষীরা সদর থানায় হাসান খানসহ দুজনের বিরুদ্ধে মামলা করেন বাবুলিয়া গ্রামের গোপাল চন্দ্র আমিন (৪০)।

মামলার এজাহারে বলা হয়, ৭ মে বেলা একটার দিকে তিনি তার বান্ধবীকে নিয়ে বাইকে ঘুরতে বের হন। তারা শহরের বাঁকাল ইকোপার্কের সামনে পৌঁছালে ডিবি পুলিশের পরিচয়ে তাদের পথরোধ করা হয়। একপর্যায়ে তাকে হাতকড়া পরিয়ে মারধর করা হয়। একই সময় তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করায় তাকে ও তার বান্ধবীকে তাদের কাছে থাকা বাইকে তুলে বিভিন্ন জায়গায় ঘোরানো হয়। বেলা ২টা ২০ মিনিটের দিকে শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে নিয়ে এসে হাতকড়া খুলে দিয়ে টাকা জোগাড় করার জন্য ফোন করতে বলা হয়। তিনি টাকা জোগাড় করতে ব্যর্থ হলে থাপ্পড় মেরে তার মোবাইল কেড়ে নেওয়া হয়। এরপর তাকে বাইকে তুলে নিয়ে সদর থানার সামনে এলে তিনি লাফ দিয়ে নেমে দৌঁড়ে থানার মধ্যে ঢুকে পড়েন। এ সময় ডিবি পুলিশের দারোগা পরিচয়দানকারী ওই ব্যক্তি থানায় না ঢুকে দ্রুত বাইক চালিয়ে পালিয়ে যান। পরে তার বান্ধবীকে সদর উপজেলার সামনে নামিয়ে চলে যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গোপণ সংবাদের ভিত্তিতে ১০ মে নড়াইলের লোহাগড়া উপজেলার খান হাসানের গ্রামের বাড়ি থেকে পুলিশ ছিনতাই হওয়া বাইকটি উদ্ধার করে। এরপর মঙ্গলবার রাতে খুলনা থেকে হাসানকে গ্রেপ্তার করে সাতক্ষীরায় নিয়ে আসা হয়। বাদী গোপাল চন্দ্র আমিন এ ঘটনায় হাসানসহ দুজনকে আসামি করে মামলা করেছেন। অপর আসামি সাতক্ষীরা শহরের শেখ সাহেদ হাসান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, সহকারী উপপরিদর্শক খান হাসান বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। তিনি খুলনা শিল্প পুলিশে কর্মরত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত