ঈদুল ফিতরে মুক্তির কথা ছিল আরিফিন শুভ অভিনীত কপ-অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’। করোনার বাগড়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার পরিচালিত সিনেমাটির প্রযোজকেরা।
তবে একদম খালি হাতে ভক্তদের ফেরাচ্ছেন না শুভ, উপহার দিচ্ছেন মৌলিক গান। তার কণ্ঠে শোনা যাবে ‘মনটা বোঝে না’ শিরোনামের সিঙ্গেল।
এই গানের কথা লিখেছেন কে জিয়া, সুর করেছেন ফুয়াদ আল মুক্তাদির। বর্তমানে গানটির ভিডিও সম্পাদনার কাজ চলছে। আর লকডাউন পর্বে ‘মনটা বোঝে না’র দৃশ্য ধারণ করেছেন নায়কের স্ত্রী অর্পিতা।
এ প্রসঙ্গে শুভর কথা, যেহেতু ঈদে সিনেমা আসছে না তাই গানটি ভক্তদের জন্য ঈদ উপহার। তার ইচ্ছা ছিল দেশের বাইরে দৃশ্যায়নের মাধ্যমে গানটি প্রকাশ করার। কিন্তু করোনার জন্য বাসায় দৃশ্য ধারণ করা হয়েছে।
ঈদের আগে শুভর ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত হবে।
এর আগে ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘অগ্নি’ সিনেমায় ‘ডুবে যায়’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন আরিফিন শুভ।
