বৃষ্টি উধাও, অব্যাহত তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবন

আপডেট : ১৩ মে ২০২০, ০২:০১ পিএম

দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। গত কয়েক দিন তাপপ্রবাহ শুরু হতেই যেন বৃষ্টিপাত উধাও। গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

এতে বলা হয়, খুলনা ও বরিশাল বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, ফেনী, ও নোয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্তমানে সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে ঠেকেছে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে।

কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও পাবনার ঈশ্বরদীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় দেশে তেমন বৃষ্টিপাত হয়নি  বললেই চলে। সর্বোচ্চ ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে। এছাড়া যশোর ও চুয়াডাঙ্গায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত