আফগানিস্তানের রাজধানী কাবুলের এক হাসপাতালের প্রসূতি বিভাগে সন্ত্রাসী হামলায় দুই শিশু ও ১২ জন নারী নিহত হয়েছে।
বিবিসি জানায়, মঙ্গলবার হাসপাতালটিতে এই হামলার ঘটনা ঘটে। একইদিন দেশটির পূর্বাঞ্চলে এক পুলিশ কমান্ডারের জানাজায় আত্মঘাতী বোমা হামলায় ২৪ জন মারা গেছে।
জানাজার হামলার দায় স্বীকার করেছে ইসলামি স্টেট। তবে হাসপাতালটিতে হামলার পেছনে কারা ছিল তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তালেবানরা এই হামলার সাথে জড়িত নয় বলে জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকজন বন্দুকধারী হাসপাতালটির প্রসূতি বিভাগে বোমা ও বন্দুক হামলা চালায়। এতে দুই শিশু ও ১২ জন নারী নিহত হয়। বেশ কয়েকজন শিশুসহ আরো ১৫ জন আহত হয়েছে।
হামলা চলার সময় পালিয়ে যেতে সক্ষম হওয়া এক চিকিৎসক জানান, বন্দুকধারীরা যখন হামলা চালায় তখন হাসপাতালে অন্তত ১৪০ জন ছিলেন।
হামলা শুরু হওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রমজান আলী। তিনি সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, তারা হাসপাতালে আসা মানুষের দিকে কোনো কারণ ছাড়াই গুলি ছুঁড়ছিল। এটি একটি সরকারি হাসপাতাল এবং এখানে অনেক মানুষই পরিবারের নারী ও শিশুদের চিকিৎসা করাতে নিয়ে আসে।
আফগানিস্তানের স্পেশাল ফোর্স তিনজন বিদেশিসহ ১০০ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে বলে বিবিসিকে জানায় এক উদ্ধারকর্মী।
এসব হামলার প্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানিয়েছেন যে তালেবান ও অন্যান্য গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান আবারও শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।
