গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের বদলাগাড়ী (সোনারপাড়া) গ্রামে ২২ দিন বয়সের তিন মেয়েসন্তানকে নিয়ে করোনার এ সময়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে মা রাবেয়া বেগম ও বাবা রিয়াজুল ইসলাম রাজা মিয়ার। কেননা সন্তানদের চিকিৎসা ও খাদ্যের টাকা জোগাড় করতে পারছেন না তারা। জানা গেছে, রিয়াজুল ইসলাম রাজা কুষ্টিয়ায় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। এই করোনা পরিস্থিতির কারণে বেতন বকেয়া রয়েছে তার। রাবেয়া বেগম বলেন, ইতিমধ্যে অনেক টাকা ঋণ করতে হয়েছে। একদিকে সেসব ঋণের টাকা পরিশোধ করতে হবে, আরেকদিকে শিশুদের ঠিকভাবে চিকিৎসা ও খাদ্য কিনে খাওয়াতে হবে। অথচ এখন আর হাতে কোনো টাকা নেই।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীনেওয়াজ গতকাল বিকেলে দেশ রূপান্তরকে বলেন, এ বিষয়ে এভাবে সাহায্য করার সুযোগ খুব কম। তারপরও ইউপি চেয়ারম্যানের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করলে দেখব কিছু করা যায় কি না।
