শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, দেশে প্রচুর খাদ্য মজুদ আছে। কোনোরকম দুর্ভিক্ষ আমাদের আসবে না। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকায় নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির ক্ষমতা আমরা রাখি। গতকাল শুক্রবার ধামরাই উপজেলার বড়াকই গ্রামের কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কামাল আহমেদ বলেন, ‘করোনাভাইরাসের কারণে শিল্প-কারখানা বন্ধ করে দেওয়া হলে দেশের অর্থনীতিতে সংকট দেখা দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১টি দিকনির্দেশনা ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেসব স্বাস্থ্যবিধি প্রণয়ন করা হয়েছে তা মেনে চলার জন্য শিল্প মন্ত্রণালয় থেকে কারখানা মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
এসব নির্দেশনা মেনে এবং শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করে শিল্প-কারখানাগুলো চালানো যাবে।’ এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।
