শুক্রবার সাপ্তাহিক ছুটি বিবেচনায় নিয়ে রাজধানীর আট ল্যাবে করোনার নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
শনিবার দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান তিনি।
নাসিমা সুলতানা বলেন, ‘আমাদের মোট ৪১ পিসিআর ল্যাব চালু আছে। আজ আমরা কয়েকটি ল্যাবের ফল পাইনি। সাপ্তাহিক ছুটির কারণে সেখানে নমুনা সংগ্রহ বা পরীক্ষা হয়নি। ঢাকার ২০ ল্যাবের মধ্যে ১২ ল্যাবের তথ্য দেব আর ঢাকার বাইরের ২১ ল্যাবের তথ্য দেব।’
করোনা শনাক্তের ফলাফলের চিত্র তুলে ধরে নাসিমা সুলতানা বলেন, ‘আমাদের নমুনা সংগ্রহ হয়েছে ছয় হাজার ৫০১টি এবং পরীক্ষা হয়েছে ছয় হাজার ৭৮২টি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৯৩০ জন। এ পর্যন্ত শনাক্ত ২০ হাজার ৯৯৫ জন। এই পরীক্ষার মধ্যে ঢাকার ১২ট ল্যাবে নমুনা ছিল তিন হাজার ৩২০টি, নমুনা পরীক্ষা হয়েছে তিন হাজার ৭২৪টি। এগুলোর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬০৫টি। ঢাকার বাইরে ২১টি ল্যাবে নমুনা সংগ্রহ হয়েছে তিন হাজার ১৮১টি এবং পরীক্ষা হয়েছে তিন হাজার ৫৮টি। এর মধ্যে শনাক্ত হয়েছে ৩২৫টি।’
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরো ১৬ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১৪ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৯৩০ জন। ফলে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৯৫ জন।
