চট্টগ্রামে করোনায় নারী, উপসর্গ নিয়ে ২ পুরুষের মৃত্যু

আপডেট : ১৭ মে ২০২০, ০১:৫৪ পিএম

চট্টগ্রামে জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে তিনজন চিকিৎসাধীন রোগী মারা গেছে। এদের মধ্যে একজন নারী করোনায় আক্রান্ত ছিলেন। অন্য দুইজন পুরুষ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব রবিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছে। এদের মধ্যে নগরীর পাথরঘাটা আশরাফ আলী রোডের ৬৫ বছর বয়সী এক নারী রয়েছে, যার করোনা পজিটিভ ছিল। তিনি শনিবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ফটিকছড়ি উপজেলার এক ৭০ বয়সী বৃদ্ধ মারা যান।

এছাড়া রবিবার সকাল ৮টার দিকে নগরীর আগ্রাবাদ বেপারী পাড়ার ৫৯ বয়সী এক পুরুষ মারা যান জেনারেল হাসপাতালে।

এই দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে, তারা দুজন করোনায় সংক্রমিত ছিলেন কিনা।

এই পর্যন্ত ১১৩ জন রোগী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে। এদের মধ্যে সাতজন রোগী আইসিইউতে চিকিৎসাধীন।

চট্টগ্রামে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত