ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলা

আপডেট : ১৮ মে ২০২০, ০১:৩৮ এএম

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহার বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটেছে। শনিবার শহরের গোয়ালচামট মহল্লার মোল্লা বাড়ি সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা বাড়ির কলাপসিবল গেট ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বাড়ির সামনের দিকে জানালার কাচ ভাঙচুর করে। ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছালে হামলাকারীরা সটকে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সুবল সাহার বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। প্রথমে রাত সাথে সাতটার দিকে। ওই সময় সুবল সাহা বাড়িতে ছিলেন। তবে এর পরপরই তিনি বাড়ি থেকে বের হয়ে যান। রাত সোয়া ৯টার দিকে দ্বিতীয় দফা হামলার সময় তিনি বাড়িতে ছিলেন না।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, হামলাকারীরা ৫০/৬০ জনের একটি মিছিল নিয়ে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা চালায়। তারা এ সময় সুবল সাহার বিরুদ্ধে নানা ধরণের শ্লোগানও দেয়।

আওয়ামী লীগ নেতা সুবল সাহা সাংবাদিকদের বলেন, তার বাড়িতে মিছিল করে এসে হামলা করা হয়েছে। ওই সময় তিনি বাড়িতে ছিলেন না। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, সুবল সাহার বাড়িতে লোকজন গিয়ে ভাঙচুর করেছে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার আগে হামলাকারীরা সটকে পড়ে।

তিনি বলেন, এ ব্যাপারে রবিবার দুপুর পর্যন্ত সুবল সাহা থানায় কোন অভিযোগ করেননি। কেনো হামলা হলো সেটি বলতে পারছি না, তবে অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত