ঘূর্ণিঝড় আম্পান নিয়ে বিদ্যুৎ বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল সোমবার নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, ঘূর্ণিঝড় অম্পাান মোকাবিলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকতে হবে। রক্ষণাবেক্ষণ ও মেরামত কার্যক্রম দ্রুততার সঙ্গে করে তাৎক্ষণিক ভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে হবে।
এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পাওয়ার গ্রিড কোম্পানি ও পাওয়ার সেলের সঙ্গে চলমান প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে পর্যালোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, মুজিব বর্ষেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। এজন্য শতভাগ বিদ্যুতায়ন সংক্রান্ত প্রকল্পসমূহ যথাসময়ে বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১৮ জন করোনায় আক্রান্ত জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, অফিসসমূহ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
