নেত্রকোনায় গত শনি ও রবিবারÑ দুদিনে পুলিশের ৮ সদস্যসহ নতুন করে ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় কর্মকর্তাসহ ১০ পুলিশ করোনায় আক্রান্ত হলেন।
তাদের একজন জেলা স্পেশাল ব্রাঞ্চের (ডিএসবি)। বাকি সবাই কেন্দুয়া থানায় কর্মরত। এর আগে একই থানার ওসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ আসায় তারা দুজনই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
এ পর্যন্ত জেলায় ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কেন্দুয়ায় আক্রান্তের সংখ্যা সর্বাধিক ২৪ জন। বাকিরা অন্যান্য উপজেলার। গতকাল সোমবার সিভিল সার্জন মো. তাজুল ইসলাম খান এসব তথ্য জানান।
জেলায় এ পর্যন্ত দুদিনে মোট ২১৪৮ জনের নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ১৯৩৩ জনের নমুনার রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে জেলায় ১১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
