শেরপুর জেলায় দুই চিকিৎসক, এক পুলিশ ও তিন স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ১১জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর প্রথমবারের মতো মৃত ব্যক্তি হিসেবে জেলাতে একজনের করোনা শনাক্ত হয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তির নাম আহাম্মদ আলী। বাড়ি নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামে।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত ৬৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন।
মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহাম্মদ আলী শ্বাসকষ্ট ও প্রস্রাবের জ্বালাপোড়া নিয়ে প্রথমে নালিতাবাড়ীর একটি ক্লিনিকে চিকিৎসা নেন। পরে ১৬ মে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি হলে কিছুক্ষণ পরেই তিনি মারা গেলে চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করেন। তবে তার দাফন স্বাভাবিকভাবেই হয়। সোমবার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।
তিনি আরো জানান, মারা যাওয়া ওই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছে, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা নেয়া হচ্ছে।
এছাড়া জেলার সদরে পুলিশসহ ৩, নকলাতে ডাক্তারসহ ইউএনও অফিসের স্টাফ ২, নালিতাবাড়ীতে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীসহ ৩ ও শ্রীবরদীতে স্বাস্থ্যকর্মীসহ ২জন শনাক্ত হয়েছে।
