পাটুরিয়া-দৌলতদিয়া নৌঘাটে অতিরিক্ত যানবাহনের চাপ ও করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে ফেরি চলাচল দ্বিতীয় দিনের মতো সাময়িক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিইটিসি) কর্তৃপক্ষ গত সোমবার ৮ ঘণ্টা বন্ধ থাকার পর সন্ধ্যা থেকে চালু করে ফেরি সীমিত আকারে। পণ্যবাহী ট্রাক ও মানুষের ভিড়ে মঙ্গলবার সকাল ৭টা থেকে তা আবার বন্ধ করে দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত ডিজিএমন জিল্লুর রহমান বলেন, ফেরিচলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণের পর উভয় ঘাটে থাকা ফেরিগুলোকে মাঝনদীতে রাখা হয়েছে।
মঙ্গলবার দুপুর পর্যন্ত পাটুরিয়ায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় আছে। তবে মঙ্গলবার যাত্রী কম রয়েছে এ নৌরুটে। সরকারি নিদের্শনায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি চলাচল শুরু হলে জরুরি পরিবাহন পারাপার শুরু হবে।
মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামিম বলেন, আমরা ঢাকা- আরিচা মহাসড়কে আমাদের টিম শক্ত অবস্থানে রয়েছে। গোলড়া চেকপোস্ট বসিয়ে জরুরি পণ্যবাহী ট্রাক ছাড়া সকল যানবাহন উল্টো দিকে ফেরত দিচ্ছি।
