গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার ইভেন্স গ্রুপের তিনটি পোশাক কারখানার প্রায় সাত হাজার শ্রমিক চলতি মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।
মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ওই গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন ও মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে বিকেলের দিকে শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে পুলিশ সরিয়ে দেয়।
পুলিশের ধাওয়ায় সড়কে পড়ে গিয়ে অন্তত ৫০ শ্রমিক আহত হয়েছে বলে শ্রমিকরা দাবি করেছে। আহতরা বিভিন্ন স্থানে ব্যক্তিগতভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
বিক্ষোভকারী নিটিং অপারেটর রিয়াজুর রহমান জানান, আমাদের কারখানা ইভেন্স গ্রুপের শ্রমিকদের চলতি মে আংশিক মাসের বেতন ও ঈদ বোনাস না দেয়ার তথ্য জানিয়ে দেয় কর্তৃপক্ষ। গত দু’দিন যাবৎ সাধারণ শ্রমিকদের মধ্যে তথ্যটি ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুর ১টার পর উৎপাদন বন্ধ করে ওই তিনটি কারখানার কমপক্ষে সাত হাজার হাজার শ্রমিক বিক্ষোভ করে কারখানার বাইরে চলে যায়। এক পর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। দুপুর আড়াইটার দিকে বিক্ষোভকারী শ্রমিকদের ধাওয়া দেয় পুলিশ। বিকেল ৫ টার দিকে শ্রমিকরা মহাসড়ক থেকে ছত্রভঙ্গ হয়ে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
জয়দেবপুর থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান, চলতি মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকরা প্রথমে কারখানার অভ্যন্তরে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের দুদিকে পণ্যবাহী যানবাহনের জট সৃষ্টি হয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
