বকেয়া তিন মাসের বেতনভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ ও এমডিকে ঘেরাও করেন ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চিনিকলের শ্রমিক-কর্মচারীরা বেতন-ভাতার জন্য বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীরা জানান, চিনিকলের ৭শ শ্রমিক-কর্মচারী বেতনভাতা না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিনযাপন করছেন। তাই সকাল থেকে মিল চত্বরে শ্রমিক-কর্মচারীরা অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন।
চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন বলেন, ব্যবস্থাপনা পরিচালকের অযোগ্যতার কারণে শ্রমিকরা অর্থ সংকটে পড়েছেন।
তবে, মিলের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, চিনি অবিক্রীত ও আর্থিক সংকটের কারণে বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। অর্থ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
অপরদিকে, ময়মসিংহের ভালুকা উপজেলার ভরাডোবায় এক্সপেরিয়েন্স পোশাক কারখানার শ্রমিকরা বেতন, বোনাস, ওভারটাইম ও জিএম-এর অপসারণসহ বিভিন্ন দাবিতে গতকাল মঙ্গলবার সকালে কারখানার গেইটের ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ভালুকা মডেল থানার পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলে আজ বুধবার শ্রমিকদের টাকার কিছু অংশ দেওয়া হবে বলে আশ্বাস দিলে পাঁচ ঘণ্টা পর পরিস্থিতি শান্ত হয়।
এক্সপেরিয়েন্স পোশাক কারখানার অ্যাডমিন ম্যানেজার মীর মোজাম্মেল হায়াত শেখের কাছে এ ব্যাপারে জানাতে চাইলে ‘মিটিংয়ে আছি, অফিসে আসেন, সাক্ষাতে কথা বলব’ বলে ফোন কেটে দেন। কারখানাটির জেনারেল ম্যানেজার রাসেদ আলম কল ধরেননি।
ঘটনাস্থলে যাওয়া সহকারী কমিশনার ভূমি রোমেন শর্মা জানান, জিএম-এর বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং কাল (আজ বুধবার) শ্রমিকদের প্রাপ্য টাকার কিছুটা দেওয়ার আশ্বাসে আন্দোলনরত শ্রমিকরা শান্ত হন।
