মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সাংসদ স্থানীয় আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেনের বিরুদ্ধে ‘পরের বাড়ি দখলে রাখার সংবাদ’ প্রকাশ করায় মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, প্রকাশক এম এ এস ইমন ও যুগ্ম সম্পাদক আল আমীনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন মেহেরপুরের সাংবাদিকরা।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন। সিনিয়র সাংবাদিক তোজাম্মেল আযমের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক রফিকুল আলম, মুজাহিদ মুন্না, হারুনুর রশিদ রবি, ডিএম মুকিদ ও মিজানুর রহমান। সাংবাদিক মাহাবুব চান্দুর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুবুল হক পোলন, দিলরুবা খাতুন, মিজানুর রহমান, কামারুজ্জামান খান, আকতারুজ্জামান, মাসুদ রানা, হাসান মুস্তাফিজুর রহমান, মর্তুজা ফারুক রুপক, শাকিল রেজা, মুহম্মদ মহসীন, সাব্বির হোসেন, রাশেদ খান, মেহেরাব হোসেন, সিরাজদৌলা পাভেল, হাসনাত জামান সৈকত প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ প্রকাশ হলে সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করতেই পারেন। তবে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে হয়রানি করতে পারেন না।
