প্রাণঘাতী করোনাভাইরাসে নাকাল যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা। আগে থেকেই শীর্ষে অবস্থান করা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে মোট আক্রান্ত এরই মধ্যে ১৫ লাখ ছাড়িয়েছে। তাতে উদ্বেগ নেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বরং তার দাবি, করোনা আক্রান্তে শীর্ষস্থান যুক্তরাষ্ট্রের জন্য সম্মানের!
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ১৫ লাখ ৩০ হাজার ছুঁই ছুঁই, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ। বিষয়টি মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে নজরে আনা হলে ট্রাম্প বলেন, আক্রান্তের তালিকায় শীর্ষে থাকাটা তার দেশের জন্য ‘সম্মানের একটি ব্যাজ’।
“আমি এটাকে নিশ্চিত সম্মানের বিষয় হিসেবে দেখি, ভালো ব্যাপার হিসেবে দেখি। কারণ এটা দিয়ে বোঝায়, আমাদের টেস্টিং অধিকতর ভালো।”
“যাই হোক, আপনারা যখন জিজ্ঞেস করেন আমরা আক্রান্তের তালিকায় শীর্ষে। এর কারণ হলো- আমরা যে কারোর চেয়ে অনেক বেশি টেস্ট করছি। তাই আমাদের অনেক বেশি আক্রান্ত। আমি এটাকে খারাপ হিসেবে দেখি না।”
“আমি তো মনে করি, এটা সম্মানের একটা ব্যাজ। সত্যি, এটা সম্মানের একটা ব্যাজ। এটা ব্যাপক হারে টেস্টিংয়ের প্রতি অনেক প্রশংসা। আমাদের অগণিত পেশাদারি যারা এসব কাজ করেছে তাদের প্রতি প্রশংসা।”
আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরে রয়েছে বিশ্ব ক্ষমতায় তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী রাশিয়া, ৩ লাখ ছুঁই ছুঁই। এর পরের অবস্থান ব্রাজিলের ২ লাখ ৭১ হাজার।
মৃত্যুতেও শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ১ হাজার ৫৩৬ জনের মৃত্যু নিয়ে মোট মৃত্যু ৯১ হাজার ছাড়িয়েছে। এই তালিকায়ও তাদের আশপাশে কেউ নেই। দ্বিতীয়স্থানে থাকা যুক্তরাজ্যের মৃত্যু ৩৫ হাজার।
