বরগুনার পরীরখাল আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে শহিদুল ইসলাম (৬৫) নামের এক হোটেল ব্যবসায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান শাহনেওয়াজ সেলিম।
মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার এম বালিয়াতলি ইউনিয়নের পরীরখাল আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যান সেলিম বুধবার সকালে জানান, ওই বৃদ্ধ অসুস্থ ছিলেন। তিনি আম্পানের কারণে নিরাপদ আশ্রয় নিতে পরীরখাল আশ্রয়কেন্দ্রে আসছিলেন। আসার পথে অসুস্থতা বেড়ে গেলে রাত ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। বিষয়টি উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে।
এ বিষয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তার বলেন, বৃদ্ধের মৃত্যুর খবরটি মর্মান্তিক। কিন্তু তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। আমরা তার পরিবারকে যথাযথ সহায়তা প্রদান করব।
