বাংলাদেশের মাছের ঝোলের স্বাদ ভোলেননি ওয়াসিম আকরাম

আপডেট : ২০ মে ২০২০, ১২:৩২ পিএম

তামিম ইকবালের ফেইসবুক লাইভ শো’তে এসে বাংলাদেশে মানুষ, ক্রিকেট, খাবার-দাবারের প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি ওয়াসিম আকরাম। বাংলাদেশের মাছের ঝোলের স্বাদ নাকি এখনো ভুলতে পারেননি তিনি।

মঙ্গলবার বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিমের নিয়মিত সরাসরি অনলাইন আড্ডায় বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার। তাতে যুক্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক তারকা আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু ও খালেদ মাসুদ পাইলটও। তাদের সঙ্গে এক সময় আবাহনীতে বাংলাদেশের ক্লাব ক্রিকেটেও খেলেছেন ওয়াসিম।

অল্প সময়েই দারুণ জমে ওঠে সাবেক তারকা ক্রিকেটারদের এই অনলাইন আড্ডা। তাতে পাকিস্তানের সাবেক তারকা পেসারের পুরো কথা জুড়েই ছিল বাংলাদেশের প্রতি মুগ্ধতা।

ওই সময়ের বাংলাদেশের ক্লাব পর্যায়ের খেলাধুলার প্রশংসা করে ওয়াসিম বলেন, “তোমাদের দেশের মতো পাকিস্তানে কিন্তু এ রকম তুমুল উন্মাদনায় ভরপুর ফুটবল, ক্রিকেট, হকির ক্লাব ছিল না।”

১৯৯৫ সালে আপনি বাংলাদেশে আবাহনীর হয়ে খেলতে এসেছিলেন ওয়াসিম। ‘সুপারস্টার’ অবস্থায় থেকে বাংলাদেশে কি ভেবে খেলতে এসেছিলেন? তামিমের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- “প্রথমত আমি দেখতে চেয়েছিলাম বাংলাদেশের ক্রিকেটটা কতটা জনপ্রিয়। বিশ্বাস করবে কিনা, অর্থনীতিক লাভের ব্যাপারটা ছিল পরের বিষয়।”

এরপর অনেকবার বাংলাদেশে এসেছেন ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো দলের অন্যতম সদস্য ওয়াসিম। বাংলাদেশের মানুষ আর বৈচিত্র্যপূর্ণ খাবার তাকে দিয়েছে ভিন্ন আমেজ।

“বাংলাদেশ আমার খুব কাছের। আমি দেশটা দেখতে চেয়েছিলাম। এই দেশের মানুষ, খাবারের প্রতি আকর্ষণ ছিল। বিশেষ করে আমি বাংলাদেশের মাছের ঝোল অনেক মিস করি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত