গোয়ালন্দে ৪৯ দুস্থ নারীর ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ

আপডেট : ২০ মে ২০২০, ১২:৪০ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির (ভিজিডি) চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। দায়িত্বে থাকাকালীন ৯ মাসে ৪৯ জন নারীর ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে এসব চাল আত্মসাৎ করা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক চেয়ারম্যান।

মঙ্গলবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দেবগ্রাম ইউপির বর্তমান চেয়ারম্যান হাফিজুল ইসলাম।

তিনি বলেন, ভিজিডি কর্মসূচির আওতায় নির্বাচিত ৫০৫ জন উপকারভোগীকে ২০১৯ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩০ কেজি করে চাল দেন আতর আলী সরদার।

নতুন চেয়ারম্যান হাফিজুল ইসলাম নির্বাাচিত হওয়ার পর ওই ৪৯ জনের নামের গড়মিল ধরা পড়ে। পরে তিনি প্রশাসনের নির্দেশনা মোতাবেক তালিকা সংশোধন করে অক্টোবর মাস থেকে প্রকৃত নারীদের ভিজিডির চাল দিয়ে আসছেন।

তবে পূর্বের ৯ মাস ভুয়া নামে চাল উত্তোলনের বিষয়ে ইউনিয়ন পরিষদ কিংবা প্রশাসনিকভাবে অদ্যবধি কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

৮ নম্বর ওয়ার্ডের ঝটুমিস্ত্রি পাড়ার আবুল কালাম মোল্লার স্ত্রী আসমা বেগম বলেন, সরকার আমার নামে চালের কার্ড বরাদ্দ দেয়। কিন্ত সাবেক চেয়ারম্যান আতর আলী আমাকে সেই কার্ড না দিয়ে তার কাছের হোসেন আলী নামের একজনকে দিয়ে টানা ৯ মাস চাল তুলে নিয়েছে।

বর্তমান চেয়ারম্যান হাফিজুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর আমার মতো ৩৯ জনের কার্ড উদ্ধার করে দিয়েছেন। আমরা বর্তমানে নিয়মিত চাল পাচ্ছি।

এ বিষয়ে দেবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতর আলী সরদার দাবি করেন, আমার সময়ে কোনো ভুয়া তালিকা করা হয়নি কিংবা কোনো চাল আত্মসাৎ করা হয়নি।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু বলেন, হাফিজুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর ৩৯ জনের ভিজিডি’র নামের অসঙ্গতি বিষয়ে লিখিতভাবে আমাকে জানান।

পরবর্তীতে ওই ৩৯ জনের সংশোধন এবং টিআইবি’র উল্লিখিত ১০ জনের নাম বাদ দিয়ে নতুন করে ১০ জনের তালিকা প্রস্তুত করা হয়। বর্তমানে সবাই চাল পাচ্ছেন। কোনো সমস্যা নেই। তবে ৯ মাসের চাল উত্তোলন বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত