ভারতীয় বাংলা চ্যানেলের রিয়্যালিটি শো থেকে উঠে আসা গায়ক মাঈনুল আহসান নোবেল ইতিমধ্যে নানা বিতর্কের জন্ম দিয়েছেন। এবার দেশি সংগীতশিল্পীদের কটাক্ষ করে সমালোচনার মুখে পড়েছেন।
মঙ্গলবার দুপুর নোবেল ফেইসবুকে এক পোস্টে লেখেন, “দু-বছর আগে জন্ম নিয়েছি আপনাদের ভালোবাসা নিয়ে। দু-বছরে ফ্লপ/হিট গানের সংখ্যা দুই। তোমার মনের ভেতর - অনুপম রায় (National Award winner) আগুনপাখি - শান্তনু মৈত্র (National Award winner)। তোমাদের লেজেন্ড গত দশ বছর ধরে কয়টা ফ্লপ অথবা হিট রিলিজ করেছে কমেন্টস্ সেকশানে জানাও।”
এরপরই বলেন, “থুক্কু বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমিই শিখাবো, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।”
এমন পোস্টের পরেই সমালোচনার ঝড় উঠে। সংগীত অঙ্গনের অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
নোবেলের এমন পোস্ট দেখে ভক্ত-অনুরাগীরা কেউ কেউ মনে করেন পেইজটি হ্যাক হয়েছে। কিন্তু পরে নোবেল লাইভে এসে জানান, তার পেইজ হ্যাক হয়নি। বিদ্রূপ করে বলেন, “এ ভাই, কী শুনলাম আমি, আমার পেইজ নাকি হ্যাক হয়েছে? কই হ্যাক হয়নি। আমি তো নোবেল। রক্ত-মাংসের নোবেল। গাল টানলে বাড়ে, নাক ধরা যায়।”
আরেক পোস্টে লেখেন, “আগেরবার controversy-তে ১ মিলিয়ন হয়েছিল। দেখি এইবার ২ মিলিয়ন হয় নাকি! সাব্সক্রাইব করে সাথে থাকুন! শীঘ্রই রিলিজ হচ্ছে ‘তামাশা’।” আরও শেয়ার করেন শাফিন আহমেদ ও ফুয়াদ আল মুক্তাদিরের ‘লেজেন্ড’ শিরোনামের নাম নিয়ে সাজানো বিতর্কের ভিডিও ও সেই গানটি।
দুই বছরের ক্যারিয়ারে নোবেলের মৌলিক গানের সংখ্যা দুটি। তিনি বরাবরই বিখ্যাত গায়কদের কাভার করে এসেছেন। সম্প্রতি আসিফ আকবরের আইকনিক গান ‘এখনো মাঝে মাঝে’ কাভার করে ইউটিউবে প্রকাশ করেছেন।
