লকডাউনে বন্ধ আদালতের কর্মকাণ্ড বন্ধ হলে কী হবে, একজনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেয়া হল। এই ঘটনা ঘটেছে অনলাইন ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুমের মাধ্যমে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, সিঙ্গাপুরে এই প্রথম কাউকে এভাবে মৃত্যুদণ্ড দেয়া হলো। করোনা পরিস্থিতিতে লকডাউনে জুমে এই রায় দিল দেশটির সুপ্রিম কোর্ট।
দণ্ডিত ব্যক্তি পুনিথান গেনাসানকে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার জন্য অভিযুক্ত করা হয়। ৩৭ বছরের এই ব্যক্তি মালয়েশিয়ার নাগরিক। ২০১১ সালে হেরোইন পাচার করতে গিয়ে ধরা পড়েন তিনি।
সুপ্রিম কোর্টের এক মুখপাত্র জানান, করোনা পরিস্থিতিতে সবার সুরক্ষার কথা চিন্তা করে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
করোনা পরিস্থিতিতে দেশটির আদালত কার্যক্রম স্থগিত করা হয়েছিল। তবে এপ্রিলের শুরু থেকে এটি আবার শুরু হয়, চলবে জুনের এক তারিখ পর্যন্ত।
এদিকে করোনা পরিস্থিতিতে এভাবে জুমে মৃত্যুদণ্ড দেওয়ায় সমালোচনার মুখে পড়েছে দেশটি। মানবাধিকার সংগঠনগুলো এর নিন্দা জানায়।
অধিকার সংগঠনগুলো জানায়, অবৈধ মাদক বাণিজ্য দমনে সিঙ্গাপুর জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কয়েক ডজন বিদেশিসহ অন্তত কয়েকশ লোককে ফাঁসি দিয়েছে দেশটি।
