করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক ধাক্কা সামাল দিতে ফ্রান্স সরকারের উচিত লিওনার্দো দ্য ভিঞ্চির অমর সৃষ্টি মোনালিসা চিত্রকর্মটি বিক্রি করে দেয়া।
দেশটির শীর্ষ প্রযুক্তি কোম্পানি ফেবারনোভাল'র প্রতিষ্ঠাতা স্টেফানে ডিস্টিঙ্গুইন এমন পরামর্শ দিয়েছেন।
মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এই খবর দিয়েছে।
উসবেক অ্যান্ড রিকা ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে ডিস্টিঙ্গুইন বলেন, ফ্রান্সের উচিত তার ঘরের 'মূল্যবান গয়না' বিক্রি করে দেয়া।
তিনি বলেন, একটি শিশু কোনো কুয়ার গভীরতা মাপতে যেভাবে সেটির ভেতরে পাথর ছুড়ে মারে সেভাবেই মহামারি নিয়ন্ত্রণে বিলিয়ন বিলিয়ন টাকা ঢালা হচ্ছে। আমরা এখনও সংকট মোকাবিলা করে যাচ্ছি এবং এটি দীর্ঘদিন থেকে যাবে বলে মনে হচ্ছে।
এ ক্ষেত্রে মোনালিসা বিক্রি হলে বড় রকমের আর্থিক সহায়তা পাওয়া যাবে। তা দিয়ে করোনা পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া যাবে।
ডিস্টিঙ্গুইনের মতে, মোনালিসা বিক্রি করে ৪৪.৭ বিলিয়ন (৪৪৭০ কোটি) ডলার পাওয়া যেতে পারে।
এদিকে ইতালির জনপ্রিয় শিল্পী সিভিচ্চি অবশ্য এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি বলেন, শিল্পকর্মটি ফ্রান্সের লুভ্র মিউজিয়ামে থাকলেও তা দেশটির সম্পদ নয়। তাই এই শিল্পকর্ম বিক্রি করা আইনত দণ্ডনীয়।
একইভাবে ওয়ার্ল্ড পেইন্টিং ফোরামের পক্ষ থেকেও জানানো হয়, মোনালিসা বিক্রি করা হলে তারা ফ্রান্সের সরকারের বিরুদ্ধে মামলা করবে।
প্রসঙ্গত, কিংবদন্তী শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি ১৫০৩ থেকে ১৫০৬ সালের মধ্যবর্তী কোনো এক সময়ে একটি পাইন কাঠের টুকরোর ওপর মোনালিসার এই ছবিটি আঁকেন।
বলা হয়ে থাকে, চিত্রকলার ইতিহাসে এটির মতো আলোচিত চিত্রকর্ম আর একটিও নেই। বর্তমানে এটি প্যারিস শহরের বিখ্যাত ল্যুভর জাদুঘরে রাখা আছে।
