করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন সাংবাদিকের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান ও ঈদ উপহার দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গতকাল বুধবার দুপুরে আইজিপির পক্ষ থেকে মৃত সাংবাদিকদের পরিবারের হাতে অনুদানের এ চেক তুলে দেন অতিরিক্ত আইজিপি (এইচআরএম) এস এম রুহুল আমিন।
ওই তিন সাংবাদিক হলেন দৈনিক সময়ের আলো পত্রিকার প্রয়াত সিটি এডিটর হুমায়ুন কবির খোকন, একই পত্রিকার সিনিয়র সাব এডিটর (সেন্ট্রাল ডেস্ক) মাহমুদুল হাকিম অপু এবং দৈনিক ভোরের কাগজের অপরাধবিষয়ক প্রতিবেদক আসলাম রহমান। এ সময় সাংবাদিক আসলামের স্ত্রী ছাড়াও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সাংবাদিকদের যেকোনো সংকটকালে পুলিশ সদর দপ্তর পাশে থেকেছে। এরই অংশ হিসেবে ওই সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন আইজিপি। খোকন এবং অপুর পরিবারের সদস্যরা অসুস্থ থাকায় তাদের চেকগ্রহণ করেন ক্র্যাব সভাপতি ও সাধারণ সম্পাদক।
