চব্বিশ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু আরও বেড়েছে। তাতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৯৩ হাজার, মোট আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ১৫ লাখ।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৬১ জনের। মোট মৃত্যু দাঁড়িয়েছে ৯৩ হাজার ৪০৬ জন, যা বিশ্বের মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশ!
চব্বিশ ঘণ্টায় ২৩ হাজার ছাড়ানো নতুন আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৯৫৯ জন, যা একক দেশ হিসেবে বিশ্বে সর্বোচ্চ।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫০ লাখ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ২৮ হাজার জনের। সেরে উঠেছেন ১৮ লাখ ৯৭ হাজার।
আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া, ৩ লাখ ৮ হাজার। দুই লাখ ৯১ হাজার আক্রান্ত নিয়ে তৃতীয়স্থানে ব্রাজিল।
চতুর্থস্থানে আছে যুক্তরাজ্য, আড়াই লাখ ছুঁই ছুঁই। পঞ্চমস্থানে স্পেন, ২ লাখ ৩২ হাজার। পাঁচ হাজার আক্রান্ত কম নিয়ে ষষ্ঠস্থানে ইতালি।
মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরে যুক্তরাজ্য, ৩৫ হাজার ৭০০ ছাড়িয়েছে। তৃতীয়স্থানে ইতালি ৩২ হাজার ৩০০।
চতুর্থস্থানে ফ্রান্স, ২৮ হাজার ১০০। সাড়ে ২৭ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে স্পেন আছে পঞ্চমস্থানে। ষষ্ঠস্থানে ব্রাজিল ১৮ হাজার ৮০০ ছাড়িয়েছে।
ভারতে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার; মৃত্যু দাঁড়িয়েছে ৩ হাজার ৪৩৪ জন।
বুধবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত ২৬ হাজার ৭৩৮ জন, মৃত্যু ৩৮৬ জন।
