পঞ্চগড়ে রেলমন্ত্রী

এগিয়ে যাচ্ছিলাম করোনা আমাদের পিছিয়ে দিয়েছে

আপডেট : ২২ মে ২০২০, ০৫:৫৪ এএম

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস আমাদের পিছিয়ে দিয়েছে, দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত করেছে। আমরা অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। দেশে মানুষের খাবারের কোনো চিন্তা ছিল না। কিন্তু এই করোনাভাইরাসের কারণে অনেক মানুষ কাজে যোগ দিতে পারছেন না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। নানা রকম প্রণোদনা দেওয়া হচ্ছে। ঈদ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী আরও বলেন, ‘করোনার দুর্যোগের মধ্যেও আমাদের ধানের বাম্পার ফলন হয়েছে। অন্য ফসলেরও উৎপাদন বেড়েছে। কৃষক ভাইদের আরও এগিয়ে আসতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে আবাদ করতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হলে আমাদের উৎপাদনমুখী এই কাজ করতে হবে।’

নূরুল ইসলাম সুজন বলেন, ‘বর্তমান সরকার যেকোনো দুর্যোগে না খেয়ে কোনো মানুষকে থাকতে দেবে না। সকল প্রকার দুর্যোগ ও দুঃসময়ে সাধারণ মানুষের পাশে থাকবে সরকার।’ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা সংক্রমণ প্রতিরোধে সজাগ হওয়ার আহ্বান জানান তিনি।

পরে মন্ত্রী স্থানীয় ছাত্রলীগের সহায়তা ও তার ব্যক্তিগত উদ্যোগে ৬০০ দুস্থের মাঝে চাল, ডাল, চিনি, তেল, সেমাইসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন। একই সঙ্গে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ৩০০ জনের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত