করোনা পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত অর্থ সহায়তার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে ফ্রান্সের চিকিৎসক-নার্সরা। প্যারিসের একটি হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।
বিবিসি জানায়, বিক্ষোভে অংশ নেয়ায় অন্তত ৫০ জনকে জরিমানা করেছে পুলিশ। এ ছাড়া তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
করোনা পরিস্থিতির আগ থেকে প্যারিসের দক্ষিণে রবার্ট ডেবর হসপিটালে আর্থিক সংকট দেখা দেয়। কভিড-১৯ রোগ প্রাদুর্ভাবে এই সংকট আরও প্রকট আকার ধারণ করে। চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের বেতন বন্ধ হয়ে যায়।
এমন পরিস্থিতিতে অবিলম্বে সংকট নিরসনের দাবিতে হাসপাতালটির ৪০০ এরও অধিক চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী বিক্ষোভে নামে। তারা এ সময় ট্রে এবং প্যান দিয়ে শব্দ করে প্রতিবাদ জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভের একটি ভাইরাল হয়। এতে দেখা যায় ব্যানার উড়িয়ে দাবি আদায়ে এক যোগে স্লোগান দিচ্ছে বিক্ষোভকারীরা।
তবে তাদের বিরুদ্ধে সামাজিক দূরত্বের বিধি লংঘন করার অভিযোগ আনে পুলিশ। অন্তত ৫০ জনকে দেড়শ ডলার করে জরিমানা করে এবং তিনজনকে গ্রেপ্তার করে।
এদিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে, ইউরোপে করোনায় বিপর্যস্ত দেশগুলোর একটি ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক লাখ ৮২ হাজারের কাছাকাছি মানুষ। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ২১৮ জন।
