জাপানে টোকিও অলিম্পিকের লোগো বিবৃতি করে করোনাভাইরাসের আদলে নিজেদের ইনহাউজ ম্যাগাজিনের প্রচ্ছদ করেছিল ফরেন করেসপনডেন্ট ক্লাব অব জাপান (এফসিসিজে)। অবশ্য লোগোর এমন ব্যঙ্গাত্মক উপস্থাপনা নিয়ে অলিম্পিকের আয়োজকেরা আপত্তি তোলার পর তা সরিয়ে নিয়েছে সংগঠনটি।
নীল ও সাদা রঙ্গের টোকিও অলিম্পিকের গোলাকার লোগোতে করোনাভাইরাসের জীবাণুর গ্রাফিক্যাল ছবির স্পাইক জুড়ে দিয়ে ম্যাগাজিনের এপ্রিল সংখ্যার প্রচ্ছদটি বানিয়েছিল এফসিসিজে। নিচে টোকিও ‘অলিম্পিক ২০২০’ এর পরিবর্তে লেখা হয় ‘কভিড-১৯’।
বিষয়টিকে ‘কাণ্ডজ্ঞানহীন’, ‘খুবই হতাশাজনক’ বলে উল্লেখ করে টোকিও অলিম্পিক আয়োজক কর্তৃপক্ষ। সেই সঙ্গে কপিরাইটের প্রশ্নও তোলে তারা। এ নিয়ে আইনি লড়াইয়েরও আভাস দেয় তারা।
কঠোর সমালোচনার মুখে প্রচ্ছদের ছবিটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এফসিসিজে। সংগঠনটির সভাপতি খালদন আজহারি মঙ্গলবার জানান, কপিরাইট আইনের সম্ভাব্য লঙ্ঘনের কারণে তারা ছবিটা প্রচ্ছদ ও ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন।
‘আন্তরিক অনুশোচনা’ জানিয়ে আজহারি বলেন, “গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমরা সবাই করোনাভাইরাসের সংকটে রয়েছি। কিন্তু এই প্রচ্ছদ অলিম্পিকের স্বাগতিক জাপানের কিছু মানুষকে কষ্ট দিয়েছে।”
প্রচ্ছদটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে এফসিসিজে’র প্রশংসা করেছেন টোকিও অলিম্পিক আয়োজক কমিটির প্রধান নির্বাহী তোশিরো মুতো। সাংবাদিকদের তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, তাদের এই পদক্ষেপ যথাযথ। এমন কিছুই আমরা আশা করছিলাম।”
চলতি বছরের জুলাই-আগস্টে শুরু হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক ২০২০। কিন্তু করোনাভাইরাস সংকটের কারণে তা এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে।
