অসুস্থতার ১১ দিন পর সিঙ্গাপুরের অধিকাংশ রোগী ‘সংক্রামক নন’

আপডেট : ২৪ মে ২০২০, ১০:৩৬ এএম

সিঙ্গাপুরের চিকিৎসাকর্মীরা স্থানীয় গবেষণায় দেখেছেন তাদের দেশের ৮০ শতাংশ করোনা রোগী ১১ দিন পর অন্যকে সংক্রমিত করছেন না।

নতুন এই গবেষণার কথা সিঙ্গাপুরের চিকিৎসকেরা তাদের দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছেন। মন্ত্রণালয় থেকে অনুমতি পেলে ১১ দিন বাদে রোগীদের বাড়িতে রাখা হবে।

ব্লুমবার্গ জানিয়েছে, শনিবার গবেষণাটির ফলাফল প্রকাশ করে সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজ (এনসিআইডি) এবং একাডেমি অব মেডিসিন’স চ্যাপ্টার। একাডেমি চ্যাপ্টারের সঙ্গে দেশটির সংক্রামক রোগের চিকিৎসকদের ৮৭ শতাংশই যুক্ত।

একাধিক কেন্দ্রের ওপর ভিত্তি করে অর্ধশতাধিক রোগীকে নিয়ে করা ওই গবেষণায় দেখা গেছে, অসুস্থ হওয়ার ১১ দিন পর অধিকাংশ রোগীর থেকে ভাইরাসটি ছড়াচ্ছে না। অথচ ওই সময়ে টানা দুই টেস্টে তারা পজিটিভ ছিলেন।

এনসিআইডি এক্সিকিউটিভ ডিরেক্টর লিও ইয়ে সিন বলছেন, ‘১১ দিন পর একজন রোগী অন্যকে সংক্রমিত করেন না, এ বিষয়ে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।’

তিনি জানান, যে সব রোগী ক্যানসারে আক্রান্ত কিংবা ইমিউনোসপ্রেসেন্ট ওষুধ নিচ্ছেন শুধু তাদের শরীরে ভাইরাসটি দীর্ঘদিন সক্রিয় থাকতে পারে।

একাডেমি চ্যাপ্টারের চেয়ারম্যান অশোক ক্রুপও একই কথা বলেছেন, ‘গবেষণা চলতে থাকলেও বিষয়টি নিয়ে আমরা একমত। তাই অপেক্ষা করার প্রয়োজন নেই।’

দুটি সংস্থার এই গবেষণায় জার্মানির একটি উদাহরণ দেয়া হয়েছে। দেশটিতে ৯ জন রোগীকে নিয়ে করা গবেষণায় দেখা গেছে প্রথম সপ্তায় উপসর্গগুলো তীব্র থাকলেও অষ্টম দিন থেকে কমে গেছে।

ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের সবশেষ হিসাব অনুযায়ী, সিঙ্গাপুরে এখন পর্যন্ত ৩১ হাজার ৬৮ জন রোগটিতে আক্রান্ত হয়েছেন। ১৩ হাজার ৮৮২ জন সেরে উঠলেও ২৩ জন মারা গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত