চলমান করোনাভাইরাসের সংকটে সাহায্যার্থে সম্প্রতি নিজের ১৮ বছরের প্রিয় ব্রেসলেট নিলামে তোলে বিশাল অঙ্কের অর্থ পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। কোথায় কোথায় এই অর্থ দেবেন এবার সে পরিকল্পনাও জানালেন ‘নড়াইল এক্সপ্রেস’।
দেড় যুগের সঙ্গী ব্রেসলেট নিলামে তুলে পাওয়া ৪২ লাখ টাকার পুরোটাই চলে গেছে মাশরাফির ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’-এ। শনিবার রাতে তামিম ইকবালের লাইভ আড্ডার শেষ পর্বে এসে মাশরাফী জানালেন, কোথায় কোথায় খরচ করা হবে এই অর্থ।
এ ব্যাপারে বর্তমানে নড়াইল-২ আসরে সংসদ সদস্য মাশরাফী বলেন, “যে পরিকল্পনা করেছি, ২৫ লাখ খরচ করব নড়াইলে, বাকিটা বাইরে যত জায়গায় দেওয়া যায়। যেহেতু নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে এসেছে, সেই শ্রদ্ধাটা তাদেরকে করতে হবে। নড়াইলের সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী, ফাউন্ডেশনের কর্মী যারা আছেন, কয়েক দফায় সভা করেছেন তারা, নড়াইলের অংশের টাকা কীভাবে খরচ করা যায়।”
“নড়াইলের বাইরের অংশ নিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যেই যে পরিকল্পনা করেছি, ঢাকা মেট্রোপলিটনের ভেতরে ৮০ জন ক্রিকেট কোচ আছেন, যারা এখন বেকার। কাজ নেই, প্র্যাকটিস করাতে পারছেন না। এটা দ্রুতই দিয়ে দেব। আরও কয়েকটা জায়গা আছে, যেগুলো সামনে আস্তে আস্তে তুলে ধরব।”
এ অর্থ দিয়ে কিছু সহায়তা কার্যক্রম চলমান আছে বলেও জানালেন মাশরাফী- “ঢাকা বিশ্ববিদ্যালয়ের গরিব শিক্ষার্থী যারা করোনাভাইরাস আক্রান্ত, ডাকসুর মাধ্যমে তাদের সহায়তা দিচ্ছি। মুক্তিযোদ্ধা সংসদে দেওয়ার পরিকল্পনা করেছি। সেই সঙ্গে ব্লাড ডোনারদের সংগঠনে দিচ্ছি। এ রকম জায়গা ঠিক করছি আরও। পুরোটা এখনো চূড়ান্ত হয়নি, চেষ্টা করছি পরিকল্পনা সাজানোর।”
ওই অনলাইন আড্ডায় মাশরাফীর সঙ্গে উপস্থিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহীমও।
