ঈদ উপলক্ষে আফগান সরকারের সঙ্গে তিন দিনের অস্ত্র বিরতির ঘোষণা দিয়েছে তালেবানরা। দেশটিতে রোববার ঈদের দিন থেকে এই অস্ত্র বিরতি শুরু হবে।
বিবিসি জানায়, গত কয়েক সপ্তাহে সরকারি বাহিনীর উপর ইসলামি এই গোষ্ঠীর হামলা জোরদার হওয়ার মধ্যে এই ঘোষণা আসলো।
শনিবার নিজের দলের সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তালেবানদের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, কোথাও কোনো শত্রু ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো যাবে না। তবে যদি শত্রুপক্ষ হামলা চালায় তখন নিজেদের রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া যাবে।
তিনি আরো বলেন, অস্ত্র-বিরতি শুধুমাত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে ঘোষণা করা হয়েছে যা পবিত্র রমজান মাসের সমাপ্তি টানে।
প্রেসিডেন্ট আশরাফ ঘানি এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, তার সেনারা অস্ত্র বিরতির শর্ত মেনে চলবে।
তিনি বলেন, আমি সামরিক বাহিনীকে তিন দিনের অস্ত্র বিরতির শর্ত মেনে চলার এবং শুধু হামলার শিকার হলেই যাতে তারা পাল্টা ব্যবস্থা নেয় সে বিষয়ে নির্দেশ দিয়েছি।
এদিকে এই সাময়িক অস্ত্র বিরতি ভবিষ্যতে দীর্ঘমেয়াদে সহিংসতা কমিয়ে আনার আশা জাগিয়ে তুলবে বলে মনে করা হচ্ছে।
তবে ২০১৮ সালের ঈদের সময়ও এ ধরণের ঘোষণা এসেছিল এবং তখন আসলে সেটি আর দীর্ঘায়িত হয়নি।
