করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সংবাদকর্মীদের অবদানের কথা স্মরণ করে রবিবার ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সংবাদকর্মীগণ সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে করোনা পরিস্থিতি তুলে ধরছেন এবং মানুষকে সচেতন করতে সহায়তা করছেন। তাদেরও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি।
তিনি বলেন, এসব কাজ করতে গিয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য, ডাক্তার ও স্বাস্থ্যকর্মী, প্রশাসনের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা, ব্যাংক কর্মী এবং সংবাদকর্মী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
শেখ হাসিনা বলেন, বেশ কয়েকজন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা এবং ব্যাংক ও সংবাদকর্মী ইতোমধ্যে মারা গেছেন। আমি তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যসহ বিদেশে বসবাসকারী সাড়ে ৬শ’রও বেশি বাংলাদেশী ভাইবোন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমি সকলের রুহের মাগফিরাত এবং আত্মার শান্তি কামনা করছি।
